গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) চরদুর্লভ খাঁ আব্দুল হাই সরকার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সদ্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহ উদ্দিন আইউবী। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সমাজে ন্যায়ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইফতার মাহফিল কেবল খাবার আয়োজন নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মোঃ শেফাউল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমির, গাজীপুর জেলা। তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, আমির, জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা এবং মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, আমির, বারিষাব ইউনিয়ন শাখা। তারা স্থানীয় পর্যায়ে দ্বীনি ও সামাজিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদুর্লভ খাঁ ইউনিটের সভাপতি ফকির মোঃ মাহবুবুর রহমান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Gazipurnews24