গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যতিক্রমী ও আনন্দঘন নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা সালাহউদ্দিন আইয়ুবী।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল থেকেই শীতলক্ষ্যা নদীর বুকে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকা ভ্রমণকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নৌকা ভ্রমণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
আমরা কাপাসিয়া তথা টোক ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।” তিনি এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের পরিচালনায় এই আনন্দযাত্রায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ পেশাজীবী মানুষ অংশ নেন। দিনব্যাপী চলা এই আয়োজনে ছিল মধ্যাহ্নভোজ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন।
টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আখতার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক বায়জিদ,উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ এইচ এম জিয়াউর রহমানসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গাজীপুর নিউজ গাজীপুর নিউজ, gazipur news, gazipur songbad, gazipur khabar।